মার্কিনীদের কুকুর বেড়াল পোষার খরচ বাংলাদেশের মোট বাজেটের দেড়গুণ !

পোষা প্রাণীর প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের দুর্বলতার কথা হয়তো অনেকেই জানেন। তবে ঘরের পোষা কুকুর-বিড়ালটির জন্য মার্কিনরা বছরে কত খরচ করেন, সেটা শুনলে অবাক হতে হবে। পোষা প্রাণী বা ইংরেজিতে যাদের বলা হয় ‘পেট’, ২০১৪ সালে এদের পেছনে দেশটির নাগরিকেরা খরচ করেছেন ৫ হাজার ৮০০ কোটি মার্কিন ডলার বা ৪ লাখ ৫২ হাজার কোটি টাকা
। তার মানে দিনে খরচ ১ হাজার ২৩৮ কোটি টাকা।

শুনতে অবাক লাগলেও এই পরিমাণ অর্থ বাংলাদেশের চলতি ২০১৫-১৬ অর্থবছরের জাতীয় বাজেটের দেড় গুণের বেশি। আর বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) সাড়ে চার গুণেরও বেশি। অর্থাৎ বাংলাদেশে সারা বছরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে সরকার যা খরচ করে, মার্কিন নাগরিকেরা তাঁদের পোষা প্রাণীর পেছনে এর চেয়ে অনেক বেশি খরচ করেন।
আমেরিকানরা বিচিত্র রকমের প্রাণী পোষেন। কুকুর, বিড়াল ও ঘোড়া থেকে শুরু করে কুমির বা অজগরের মতো সরীসৃপ, নানা রকমের মাছ প্রভৃতি প্রাণী আছে সেই তালিকায়। বিষাক্ত সাপ, মাকড়সা ও বিচ্ছুও পোষেন তাঁরা।
পোষা প্রাণীর পেছনে যুক্তরাষ্ট্রে প্রতিবছর কত খরচ হচ্ছে, তার বার্ষিক হিসাব প্রকাশ করে আমেরিকান পেট প্রোডাক্টস অ্যাসোসিয়েশন (এপিপিএ) নামের একটি প্রতিষ্ঠান। ১৯৯৪ সাল থেকে প্রতিষ্ঠানটি প্রতিবছরই এই খরচের হিসাব প্রকাশ করে আসছে।
এপিপিএ বলছে, ২০১৪ সালে মার্কিনরা তাঁদের ৩৯ কোটি ৭০ লাখ পেটের পেছনে ৫ হাজার ৮০০ কোটি ডলার করেছেন। ২০১৩ সালে এ খরচের পরিমাণ ছিল ৫ হাজার ৫৭২ কোটি ডলার। তার মানে ২০১৩ সালের তুলনায় ২০১৪ সালে খরচ বেড়েছে ৪ দশমিক ২ শতাংশ। চলতি বছরে এ প্রবৃদ্ধি সাড়ে ৪ শতাংশে দাঁড়াতে পারে। অর্থের হিসাবে যা কিনা ৬ হাজার কোটি ডলার ছাড়াবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
আমেরিকান নাগরিকেরা মূলত পাঁচটি উপখাতে এই অর্থ খরচ করেন। সেগুলো হলো পশুখাদ্য, চিকিৎসা, থাকার জায়গাসহ বিভিন্ন ব্যবহারসামগ্রী, বেচাকেনা ও বিমা খরচ। এর মধ্যে ২০১৪ সালে সবচেয়ে বেশি ২ হাজার ২০০ কোটি ডলার খরচ করা হয় পোষা প্রাণীদের খাবারের পেছনে। এ অর্থ মোট খরচের প্রায় ৩৮ শতাংশ। তবে প্রাণীর চিকিৎসার খরচও একেবারে কম নয়। ওষুধ, প্রতিষেধক, ডাক্তারের ফিসহ খরচ দেড় হাজার কোটি ডলার। পশুদের বিছানা, খাবার পাত্র, পরিচ্ছন্নতার যন্ত্রের পেছনে খরচ হয় ১ হাজার ৪০০ কোটি মার্কিন ডলার। আর বেচাকেনায় ২১৫ কোটি ডলার খরচ হয়েছে।
এসব প্রাণীর দেখভাল, আরাম-আয়েশের পেছনে গত বছর খরচ হয়েছে ৪৮০ কোটি ডলার। প্রিয় প্রাণীটির শরীর ম্যাসাজ, স্পা, ফেসিয়ালের জন্যও একটা বড় অঙ্ক খরচ করেছেন মার্কিনরা। এ বিষয়ে এপিপিএর সভাপতি ও প্রধান নির্বাহী বব ভেটেরে বলেন, পোষা প্রাণীর স্পা, ম্যাসাজ, ফেসিয়াল ও ডে-কেয়ার সেন্টারে প্রশিক্ষণের মতো খাতে খরচ গত বছর অনেক বেড়েছে। তবে প্রাণী বেচাকেনায় লেনদেন ২০১৩ সালের তুলনায় ২০১৪ সালে কম হয়েছে বলে জানান তিনি।
গত ২০ বছরে পোষা প্রাণীদের পেছনে আমেরিকানদের খরচের পরিমাণ তিন গুণ বেড়েছে বলে এপিপিএর প্রতিবেদনে উঠে এসেছে। ২০১৪ সালে হলে চলচ্চিত্র দেখার জন্য মার্কিনরা খরচ করেছেন এক হাজার কোটি ডলার, যা পেটদের জন্য খরচ করা অর্থের ছয় ভাগের এক ভাগ।
পোষা প্রাণীদের প্রতি এ ভালোবাসার কারণ ব্যাখ্যায় মার্কিন সমাজবিজ্ঞানীরা বলছেন, একটি কুকুর বা বিড়ালের কাছ থেকে অনেক সময় মার্কিনরা তাঁদের পরিবারের সদস্যদের চেয়েও বেশি মানসিক সমর্থন পান। নিজেদের জীবনের একাকিত্ব ঘোচাতেও পোষা প্রাণীরা সহায়ক হয়। প্রিয় প্রাণীটির পেছনে খরচ করতে তাই দ্বিধা করেন না যুক্তরাষ্ট্রের নাগরিকেরা।

No comments:

Post a Comment